১৬ জানুয়ারি বিআইসিসিতে ৫জি প্রদর্শন

২ জানুয়ারি, ২০২০ ১২:৩৬  
আগামী ১৬ - ১৮ জানুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিত হবে ‘ডিজিটাল বাংলাদেশ মেলা’। মুজিববর্ষ পালনের উদ্যোগ হিসেবে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির ডিজিটাল বাংলাদেশ গঠনের অগ্রগতি জানাতে আয়োজন করা হয়েছে এই মেলার। মেলা প্রাঙ্গনে ৫জি যুগের সঙ্গে সাক্ষাৎ ঘটবে দর্শনার্থীদের। সেখনে ৩ দশমিক ৮৯ জিবিপিএস থেকে ৪ দশমিক ০৯ জিবিপিএস পর্যন্ত গতির ইন্টারনেট দুনিয়ার সাক্ষাৎ পাবেন তারা। দেখানো হবে এই ইন্টারনেট ব্যবহার করে জীবনকে কতটা বদলে দেয়া যায় সেই ধারণার বহিঃপ্রকাশ। সূত্রমতে, মেলায় জেডটিই, হুয়াওয়ে, নকিয়া, এরিকসন ফাইভজি প্রযুক্তি প্রদর্শন করবে। দেখাবে লাইভ অনুষ্ঠানসহ এর ব্যবহার উপযোগিতা। এই ৫জি নিয়ে স্বচালিত রোবট, ইন্টারনেট অব থিংস এবং বঙ্গবন্ধুকে নিয়ে প্রযুক্তিময় নানা আয়োজন দেখানো হবে মেলায়। ডিজিটাল জীবন শৈলীতে ট্রিপল প্লে’র (এক কেবলে ল্যান্ডফোনের লাইন, ইন্টারনেট ও ডিশ সংযোগ) নান্দনিক উপস্থানা যেমন থাকবে তেমনি থাকছে নিরাপদ ইন্টারনেট সেবা নিশ্চিত করতে প্যারেন্টাল কন্ট্রোলের বিষয়টি। পাশাপাশি বিটিএস থেকে শুরু করে সমর্থনযোগ্য ডিভাইসে ৫জি পরীক্ষার সুযোগও পাবেন দর্শনার্থীরা। এজন্য মেলায় থাকছে ১০০টি স্টল, মিনি প্যাভিলিয়ন ও প্যাভিলিয়ন। এতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সব সংস্থা—ডাক বিভাগ, বিটিআরসি, বিটিসিএল, টেলিটক, সাবমেরিন কেবল কম্পানি লিমিটেড, বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কম্পানি লিমিটেড, টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) ইত্যাদি প্রতিষ্ঠান অংশ নেবে। এ ছাড়া আইএসপি প্রতিষ্ঠান, দেশীয় ও আন্তর্জাতিক প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, মোবাইল ফোন অপারেটরসহ অনেক প্রতিষ্ঠান অংশ নেবে।